ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি শোকাহত। তার ক্যারিয়ারের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পরিচালক শাহ আলম মণ্ডল শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিচালকের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন পরীমণি। পোস্টে তিনি লেখেন,”ওস্তাদ আপনিও চলে গেলেন। আজকের দিনেই আমার নানা চলে গেলো। আপনিও মাফ করে দিয়েন, ওস্তাদ। আমাদের শেষ দেখা হলোই না।”
শাহ আলম মণ্ডলের হাত ধরেই চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পরীমণি। তার প্রথম সিনেমা *‘ভালোবাসা সীমাহীন’* পরিচালনা করেছিলেন এই গুণী নির্মাতা।
কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শাহ আলম মণ্ডলকে দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরীমণির পোস্টের কমেন্টে ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন। সুলতানা নামে এক ভক্ত লেখেন, “এই সুন্দর পৃথিবী থেকে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, শুধু থেকে যাবে আমাদের কর্মফল।”

শাহ আলম মণ্ডল ২০১১ সালে সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর বদিউল আলম ও এফআই মানিকের সঙ্গে কাজ করেন। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘আপন মানুষ,’ *‘ডনগিরি,’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)।
শিল্পী ও কলাকুশলীদের প্রতি তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।


















