ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শীর্ষ র‍্যাংকিংয়ে শান্ত, উন্নতির ধারায় মাহমুদউল্লাহ ও মিরাজ

সম্প্রতি শেষ হওয়া আফগানিস্তান সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম দুই ওয়ানডেতে তার অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছে তাকে। শান্ত ১১ ধাপ এগিয়ে এখন রয়েছেন ২৩ নম্বরে, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ র‍্যাংকিং। সিরিজের প্রথম ম্যাচে ৪৭ এবং দ্বিতীয় ম্যাচে ৭৬ রান করেন তিনি। শেষ ম্যাচে চোটের কারণে খেলতে না পারলেও তার র‍্যাংকিং উন্নত হয়।

অন্যদিকে, অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদও র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন। সিরিজের শেষ ম্যাচে তার ৯৮ রানের অসাধারণ ইনিংসে তিনি ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৪ নম্বরে। প্রথম ওয়ানডের পর আঙুলের চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিম সাত ধাপ পিছিয়ে ৪৪ নম্বরে নেমে গেছেন।

বোলিং ও অলরাউন্ডার পারফরম্যান্সে উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ। তিনি বোলিং র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বরে পৌঁছেছেন। ব্যাটিংয়েও ধারাবাহিক মিরাজ তিন ম্যাচে ২৮, ২২, ও ৬৬ রান করেন এবং বল হাতে ৩ উইকেট শিকার করেন। এই পারফরম্যান্সের ফলে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে এখন চার নম্বরে রয়েছেন মিরাজ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ