ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সাকিব-তামিমদের ছাড়িয়ে যেতে ক্রিকেটারদের মানসিকতায় উন্নতি চান সালাউদ্দিন

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। এই নতুন দায়িত্ব নিয়ে এখনও গণমাধ্যমের সামনে না এলেও, বিসিবির প্রকাশিত একটি ভিডিওতে নিজের অভিমত প্রকাশ করেছেন তিনি।

সালাউদ্দিন বলেন, “আমরা যারা বলি সাকিব, তামিম, মুশফিকেরা একটি পর্যায়ে নিয়ে গেছে আমাদের ক্রিকেটকে। সেটা যদি ভাঙতে না পারি, তাহলে বাংলাদেশের ক্রিকেট এগোয়নি। আমাদের কাজ হলো, পরবর্তী প্রজন্ম যেন তাদের চেয়ে আরও ভালো ও বড় খেলোয়াড় হতে পারে।”

তিনি আরও জানান, তরুণ খেলোয়াড়দের প্রাথমিক লক্ষ্য থাকে জাতীয় দলে খেলা, কিন্তু তারা জাতীয় দলে আসার পরও নিজের লক্ষ্য উন্নীত করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা করার ব্যাপারে উদাসীন। এ বিষয়ে কাজ করার প্রয়োজনীয়তা দেখছেন তিনি, যাতে তরুণরা আরও উন্নতি করতে পারে।

নতুন দায়িত্বকে নিজের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সালাউদ্দিন। তার মতে, দেশি কোচদের প্ল্যাটফর্ম তৈরি করে তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কাজ করা জরুরি। তিনি বলেন, “এই কাজগুলো সফল হলে দেশি কোচদের প্রতি বোর্ড ও জনগণের বিশ্বাস বাড়বে, যা পরবর্তী কোচদের জন্য একটি শক্তিশালী পথ তৈরি করবে।”

সালাউদ্দিন বিশ্বাস করেন, তার এই ভূমিকা দেশি কোচদের আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে এবং ভবিষ্যৎ কোচদের জন্য বড় দিকনির্দেশনা তৈরি করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ