নির্বাচন কমিশনকে (ইসি) ৯ দফা নির্দেশনা পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে এই নির্দেশনায় বিভিন্ন অনুষ্ঠান বা সভায় যোগদানের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলস উর রহমান নির্বাচন কমিশন সচিব শফিউল আজমকে এক চিঠিতে এ নির্দেশনা দেন। তিনি উল্লেখ করেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাড়তি সতর্কতা অবলম্বন জরুরি। মাঠ পর্যায়ে কিছু কর্মকাণ্ড নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার কারণে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।
নির্দেশনাগুলোর মূল বিষয়বস্তু:
১. যে কোনো অনুষ্ঠানে যোগদানের আগে আয়োজক প্রতিষ্ঠানের তথ্য যাচাই;
২. বিতর্ক এড়াতে আমন্ত্রিত অতিথিদের সম্পর্কে তথ্য সংগ্রহ;
৩. আমন্ত্রণপত্রসহ যেকোনো মুদ্রিত উপাদানে আপত্তিকর কিছু থাকলে পরিহার;
৪. নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তা গ্রহণ;
৫. নিজস্ব অনুষ্ঠানে ব্যবহৃত সব উপাদান যাচাই, বিতর্কিত কিছু না থাকা নিশ্চিত;
৬. সরকার বাতিল ঘোষিত দিবস পালনে সতর্কতা;
৭. বাতিল দিবসের স্মারক অপসারণ;
৮. প্রতিটি অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ এবং স্লোগান এড়ানো;
৯. গুজব থেকে নিজে এবং সহকর্মীদের দূরে রাখা।
চিঠিতে নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণের জন্য ইসি সচিবও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।



















