আগামী চার দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহীদ পরিবারের মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক সারজিস আলম।
একই সঙ্গে বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৪৫ জন আহত যোদ্ধাকে দুই কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দিয়েছে ফাউন্ডেশনটি ৷
মঙ্গলবার (২৯ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম তার ফেসবুক পেজে এ তথ্য তুলে ধরেছেন।
তিনি বলেন, গতকাল পর্যন্ত জুলাই শীহদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা মেডিকেল, সিএমএইচ, বিএসএমএমইউ, এনআইটিওআর, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ট্রমা সেন্টার, সিআরপিসহ (সাভার) বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ২৪৫জন আহত যোদ্ধাকে, ২কোটি ৪১লাখ ৩৮হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেয়া হয়েছে ৷
তিনি আরও বলেন, এখন স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও, খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে সকল আহত যোদ্ধাদের কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেয়া হবে৷

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিল, বিতর্কের মুখে ফেলেছিল সেই অভিজ্ঞতা থেকে আমরা আমাদের ২৪-এর অভ্যুত্থানের যোদ্ধাদের সাথে হতে দিতে চাই না ৷ তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি বলেও জানান তিনি ৷
তিনি আরও বলেন, পাশাপাশি আগামী ৪ দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহীদ পরিবারকে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দিব৷


















