জুলাই ও আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে জানা গিয়েছিল যে, জুলাই-আগস্ট গণহত্যায় শেখ হাসিনাসহ মোট ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করবে প্রসিকিউশন।
এদিকে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। বর্তমান সরকারের একাধিক উপদেষ্টাও এ বিষয়ে একই দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার চাপের মুখে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। ব্রিটেন এবং আরব আমিরাতে যাওয়ার চেষ্টা করলেও সেখানে আশ্রয় পাননি বলে জানা যায়।



















