রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ। সেই ধারাবাহিকতায় সড়কে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা।
বুধবার (১৬ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২১৩টি মামলায় ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ১৩০টি গাড়ি ডাম্পিং ও ৫৭টি গাড়ি রেকার করা হয়েছে।
সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
এর আগে সোমবার একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে ১১৩১টি মামলা ও ৪৭ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ২২৩টি গাড়ি ডাম্পিং করা হয়। এ ছাড়া ৬৮টি গাড়ি রেকার করা হয়।



















