ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

বিশ্বব্যাংকের কাছে অংশীদারিত্বমূলক সমর্থন চেয়েছে বিএসইসি

দেশের শেয়ারবাজার উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিশ্বব্যাংকের কাছে কারিগরি ও অংশীদারিত্বমূলক সমর্থন ও সহযোগিতা চেয়েছে। বাংলাদেশ নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে শেখের সাথে বৃহস্পতিবার এক সৌজন্য সাক্ষাতে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এ বিষয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁও বিএসইসি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় বাংলাদেশ ভুটানের দায়িত্বপ্রাপ্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এবং বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট তোসিয়াকি অনোয় উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের শেয়ারবাজারের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। দেশের শেয়ারবাজারের সংস্কারের বিভিন্ন বিষয়, শেয়ারবাজারের সম্পূর্ণ পরিকাঠামোতে সুশাসন বৃদ্ধি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে সুশাসন নিশ্চিতকরণ এবং শেয়ারবাজারের অংশীজন প্রতিষ্ঠানসমূহ বাজারের সম্পূর্ণ কাঠামোতে আধুনিকায়ন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও শেয়ারবাজারের সংস্কারের জন্য গঠিত টাস্কফোর্স বিষয়েও আলোচনা হয়। সর্বোপরি আলোচিত বিষয়সমূহে বিশ্বব্যাংকের কারিগরি ও অংশীদারিত্বমূলক সমর্থ ও সহযোগিতার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন