ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ২:২৪ অপরাহ্ন

হারের পর যে ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন শান্ত

চেন্নাই টেস্টে বাংলাদেশকে হারাতে সাড়ে তিনদিনও লাগলো না ভারতের। ২৮০ রানের বিশাল ব্যবধানে এই টেস্ট ম্যাচ হারল সফরকারীরা। শান্ত ছাড়া কেউই দ্বিতীয় ইনিংসে লড়াইয়ের মানসিকতা দেখাতে পারলেন না। যদিও ম্যাচ শেষে এই টেস্ট থেকে ইতিবাচক কিছু খুঁজলেন শান্ত। বিশেষ করে বাংলাদেশের অধিনায়ক প্রশংসা করলেন দলের পেসারদের।

এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং হয়েছে জঘন্য। তবে দুই ইনিংসেই বোলাররা ভালো বোলিং করেছেন। বিশেষ করে তিন পেসার বল হাতে আগুন ঝরিয়েছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক তাদের সেই কৃতিত্ব দিয়ে বলেন, ‘ইতিবাচক দিকটা হলো আমাদের পেসার তাসকিন, হাসানরা প্রথম দুই-তিন ঘণ্টা যেভাবে বোলিং করেছে। কিন্তু ভারত সত্যিই খুব ভালো ব্যাটিং করেছে। আমরাও নতুন বলে ভালো বোলিং করেছি কিন্তু সেটা ধরে রাখা উচিত ছিল।’

চেন্নাই টেস্ট জিততে শেষ দুই দিনে বাংলাদেশের দরকার ছিল আরও ৩৫৭ রান। এমন সমীকরণ সামনে রেখে চার উইকেটে ১৫৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে দলটি। এদিন কেবল শান্তই কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিতে পেরেছেন। আটটি চার ও তিনটি ছক্কায় ১২৭ বলে ৮২ রান করেন তিনি। নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘আমি সবসময় দলের প্রয়োজনে অবদান রাখার চেষ্টা করি। আমি ব্যাটিং করতে খুবই উপভোগ করি। চেষ্টা করি যতট সম্ভব লম্বা সময় ধরে ব্যাটিং করার। কানপুর টেস্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বোলাররা ভালো করছে, আশাকরি ব্যাটাররাও দ্রুতই ছন্দে ফিরে আসবে।’

বাংলাদেশের পরবর্তী গন্তব্য কানপুর। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এখানেই শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। চেন্নাইয়ের ব্যর্থতা ঝেড়ে ফেলতে শান্তর নজর এখন কানপুরে, ‘আজ আমরা যতক্ষণ পেরেছি ব্যাটিং করার চেষ্টা করেছি এবং আমাদের শক্তি অনুযায়ী খেলেছি। কানপুর খুবই গুরুত্বপূর্ণ। বোলাররা ভালো করেছে, আশা করি ব্যাটাররাও ভালো করবে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ