বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির জন্য পাঁচ সদস্যের নতুন পর্ষদ গঠন করে দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) গভর্নর ড. আহসান এইচ মনসুরের এক আদেশে এক্সিম ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়া হয়।
নতুন পর্ষদে এক্সিম ব্যাংকের দীর্ঘ দিনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাছরিন ইসলাম স্থান পাননি।
পাঁচ সদস্যের পর্ষদে স্থান পাওয়া নতুন পরিচালকরা হলেন— উদ্যোক্তা পরিচালক মো. নজরুল ইসলাম স্বপন, মো. নূরুল আমিন ও অঞ্জন কুমার সাহা। দুই স্বতন্ত্র পরিচালক হলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম এবং পেশাদার হিসাববিদ খন্দকার মামুন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের পর্ষদে পরিবর্তন এসেছে। এর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের পর্ষদ নিজেদের উদ্যোগে চেয়ারম্যান পদে পরিবর্তন এনেছে।

আর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এরই মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়া হয়েছে।


















