ফ্রান্সে অলিম্পিকের উদ্বোধনী দিনে দ্রুতগতির রেল নেটওয়ার্কে (টিজিভি) অগ্নিসংযোগসহ হামলার ঘটনা ঘটেছে। এতে তিনটি ট্রেনের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার শিকার হওয়ায় সেসব ট্রেনের শনিবারের সূচি বাতিল হয়েছে। এদিকে ‘নাশকতাকারীদের’ ধরতে অভিযান চালানো হচ্ছে।
দেশটির প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল বলেছেন, অলিম্পিক গেমস শুরুর আগে নাশকতার কারণে রেল নেটওয়ার্ককে অচল হয়ে পড়ে, নিরাপত্তা বাহিনী ‘নাশকতাকারীদের’ সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
ফ্রান্সের জাতীয় রেল কোম্পানি এসএনসিএফ জানিয়েছে, প্যারিসমুখি ও প্যারিস থেকে বের হওয়া গুরুত্বপূর্ণ লাইনগুলোতে শনিবার বাকি যে ট্রেনগুলো চলবে সেগুলো ছাড়তে দুই ঘন্টা বিলম্ব হতে পারে আর ইউরোস্টার পরিষেবার এক চতুর্থাংশও বাতিল হতে পারে।
এসএনসিএফের হিসাব অনুযায়ী, রেল নেটওয়ার্ককে অচল করে দিতে বৃহস্পতিবার রাতভর দফায় দফায় ব্যাপক হামলার পর বেশকিছু লাইনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় শুক্রবার প্রায় আড়াই লাখ যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী জানিয়েছেন, সোমবার সকালের মধ্যে পরিষেবাগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।

ভ্রমণকারীদের তাদের ট্রেন ভ্রমণ স্থগিত করার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত এ পরিস্থিতি চলবে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, শুক্রবার ইউরোস্টার রেলের (লন্ডন টু প্যারিস) যে যাত্রীরা পরিস্থিতির শিকার হয়েছেন তাদের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারও ছিলেন। স্টারমার ইউরোস্টার ট্রেনে করে লন্ডন থেকে প্যারিসে গিয়ে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু পরে আকাশপথে যেতে বাধ্য হন।












