ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ৯

দেশের দুই জেলা পাবনা ও দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে ও আজ শুক্রবার(৫ জুলাই) সকালে এই ঘটনাগুলো ঘটে।

প্রতিনিধির পাঠানো খবরে জানা গেছে, পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ দুর্ঘটনা। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বিজয় (২৩), একই গ্রামের কুদ্দুস প্রামাণিকের ছেলে জিহাদ (১৪), সিরাজুল ইসলামের ছেলে শিহাব, আব্দুর রাজ্জাক প্রামাণিকের ছেলে রবিউল ইসলাম ও সলিমপুর ইউনিয়নের বড়ইচরা গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে শিশির (১৫)।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন‌। হাসপাতালে নেওয়ার পর আরও দুই মারা যান। এ ঘটনায় আহত ৩ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও শফিকুল ইসলাম শামীম বলেন, ৩ জন ঘটনাস্থলে মারা গেছেন। ২ জন হাসপাতালে মারা গেছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে রাজশাহীতে চলে গেছেন।

এদিকে দিনাজপুর ফুলবাড়ি সড়কের পাঁচবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৫ জন।

আজ শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকায় আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের বাসটি পাঁচবাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক এবং বাসচালকের সহকারী নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটস্থ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক শিশুসহ আরও একজনের মৃত্যু হয়।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্না আল মামুন বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ