চলতি বছরের ডেভেলপার কনফারেন্সে হারমনিওএস ইকোসিস্টেমের উন্নয়ন নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন হুয়াওয়ের নির্বাহী পরিচালক ইউ চেংডং।
তিনি জানান, অপারেটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে ডেভেলপার বেটা পরীক্ষণ কার্যক্রমে যুক্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে আনুষ্ঠানিকভাবে এটি বাজারে প্রবেশ করতে পারে। খবর গিজমোচায়না।
ডেভেলপার সম্মেলনে হারমনিওএস নেক্সট ইন্টেলিজেন্ট অপারেটিং সিস্টেম সবার সামনে তুলে ধরেন চেংডং। একাধিক ডিভাইসকে যুক্ত করাসহ অপারেটিং সিস্টেমটির ইউনিফায়েড সিস্টেমের বিষয়ও প্রকাশ্যে আসে।
নির্বাহী পরিচালকের তথ্যানুযায়ী, হারমনিওএস নেক্সট নিয়ন্ত্রণযোগ্য। এটি ডিভাইসের সক্ষমতা ৩০ শতাংশ বাড়াবে এবং বিদ্যুৎ ব্যবহার ২০ শতাংশ কমাবে।
নতুন সিস্টেম আর্কিটেকচারটি ব্যবহারকারীদের আরো উন্নত অপারেটিং সিস্টেমের অভিজ্ঞতা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হারমনিওএসে নেক্সট বেটা ভার্সনের উন্নয়নে ডেভেলপার নিয়োগ কার্যক্রম শুরু করেছে হুয়াওয়ে। ২৮ জুন পর্যন্ত এ নিয়োগ চলবে।
আগ্রহীদের কোম্পানির গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর করতে হবে বলে জানা গেছে এবং রেজিস্ট্রেশনসংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব পাস করতে হবে।
রেজিস্ট্রেশন শেষে হুয়াওয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সেগুলো পর্যালোচনা করবে। হুয়াওয়ের অ্যাপ মার্কেটে যাদের অ্যাপ রয়েছে নিয়োগের ক্ষেত্রে তাদের প্রাধান্য দেয়া হবে বলে জানা গেছে।


















