অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ডের। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। বছর দশেক আগেও আফগানদের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে দেখা যেতো না খুব একটা। এখন তারাই তিন ফরম্যাটে যেকোনো দলের জন্য ভয়ের কারণ।
আফগানদের উঠে আসার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশ্বকাপ। এবার প্রথমবারের মতো ২০ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে। পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চলেরই প্রতিনিধিরা সুযোগ পেয়েছেন। এত দলের বিশ্বকাপকে ভালো চোখেই দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন।
অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘এটা আসলে দুর্দান্ত ব্যাপার। আমার মনে আছে যখন আমি প্রথম বিশ্বকাপ খেলি, তখন বেশি দল ছিল। এ ধরনের বাড়তি সুযোগ দলগুলোকে লাভবান করে। এরপর টুর্নামেন্টের সময় যেকোনো কিছু হতে পারে। এটাই খেলার সৌন্দর্য। কিন্তু দিনশেষে, এটা খেলার উন্নয়নই করবে।’
উগান্ডার বিপক্ষে বিশাল জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে আফগানিস্তান। অনেকেই তাদের এবার দেখছেন বিশ্বকাপের সেমিফাইনালে। রশিদ খান ছাড়াও বেশ কয়েকজন ভয় ধরিয়ে দেওয়া ক্রিকেটার আছেন দলটিতে। কার দিকে চোখ রাখছে কিউইরা?
উইলিয়ামসন বলেন, ‘তাদের দলে অনেকেই এখন আছেন। সত্যি বললে সব খেলোয়াড়ই, ভীষণ স্কিলফুল একটা দল আফগানিস্তানের। এই টুর্নামেন্টেরই ভালো কয়েকটা বোলিংয়ের একটা তাদের। আমরা ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায়ও দেখেছি। তারা কীভাবে জড়িয়ে আছি, কত সংখ্যায় তারা খেলে।’

‘আর দিন দিন তারা কেবল ভালোই হচ্ছে। আরও বেশি করে শীর্ষ পর্যায়ের ক্রিকেট পাচ্ছে। গত বিশ্বকাপে আমরা দেখেছি ওয়ানডেতে তারা কতটা শক্তিশালী দল। তারা সত্যিই স্কিলফুল দল, অনেকগুলো ভয়ের জায়গাই আছে।’


















