ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

আর্সেনালের ১৪ বছরের অপেক্ষার অবসান

দীর্ঘ ১৪ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে পর্তুগিজ দল এফসি পোর্তোকে ১-০ গোলে হারালেও তাদের শেষ আটের টিকিট নিশ্চিত হয়নি (১-১)। তখন অতিরিক্ত ৩০ মিনিটের খেলায়ও দুই দলকে আলাদা করা যায়নি। অবশেষে টাইব্রেকারে জয়লাভ করে গানাররা। ২০১০ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট পেল গানাররা।

পোর্তোর মাঠে ১-০ গোলে হেরেছিল আর্সেনাল। মঙ্গলবার এমিরেটসে দ্বিতীয় লেগের খেলায় সমান ব্যবধানে জয়লাভ করে আর্সেনাল। ৪১ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের তৈরি করে দেয়া বল পেয়ে গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। যদিও এরপর বহু চেষ্টায়ও আর গোল আদায় করতে পারেনি তারা। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের খেলায়। সেখানেও গোল হয়নি। তখন টাইব্রেকারের সাহায্য নিতে হয়।

টাইব্রেকারে আর্সেনালের হয়ে ওডেগার্ড, কাই হাভার্টজ, বুকায়ো সাকা ও ডিক্লাইন রাইস গোল করেন। অন্যদিকে, আর্সেনাল গোলকিপার ডেভিড রায়া রুখে দেন ওয়েন্ডেল ও গালেনোর শট। ফলে ৪-২ গোলের জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্সেনাল।

দারুণ সুসময় চলছে আর্সেনালের। ম্যানসিটি ও লিভারপুলকে পেছনে ফেলে বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে দলটি।

কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও। তারা নাপোলিকে হারিয়েছে ৩-১ গোলে। ফলে দুই লেগ মিলে ৪-২ গোলের অগ্রগামিতায় শেষ আটের টিকিট পায় কাতালানরা। বার্সার হয়ে ফারমিন লোপেজ, হোয়াও ক্যানসেলো ও রবার্ট লেভানডভস্কি গোল করেন।

শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলবে ইন্টার মিলান ও বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলবে পিএসভি আইন্দহোফেন। এর মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালের ৮ দল চূড়ান্ত হবে। গত সপ্তাহে বায়ার্ন মিউনিখ, পিএসজি, রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ