ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

বিদেশি সংবাদপত্র বলে দিয়েছে এই নির্বাচন ভুয়া : মঈন খান

সরকারের এই নির্বাচন সাজানো ও গোছানো এবং ভুয়া তা বিদেশি গণমাধ্যম বলে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, আর এই সাজানো নির্বাচনের নাটকের শেষ অংশ আজ সকাল থেকে মঞ্চস্থ হচ্ছে। রোববার (৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি।

দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের রিপোর্টে প্রকাশ করা হয় এটি একটি ভুয়া নির্বাচন, এ কথা উল্লেখ করে মঈন খান বলেন, গত ১ বছর ধরে আমরা বলে আসছি, বাংলাদেশের মানুষ এই সরকারকে বর্জন করেছে। সেই কথাটি আজকে ভোট বর্জনের মাধ্যমে জনগণ দেশে-বিদেশে সবার সামনে প্রমাণ করেছে। সরকারের নির্বাচনের নাটক আজকে সারা বিশ্বে উন্মোচিত হয়ে গেছে।

মঈদ খান বলেন, কিছু-কিছু ভোটকেন্দ্রের সামনে কিছু লোককে দাঁড় করিয়ে রাখা হয়েছে। দেখলে বোঝা যায়, তারা ভোটার নয়। আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মানুষকে ভয়-ভীতি ও লোভ দেখিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এটা করে সরকার নিজেদেরকে প্রতারিত করতে পারবে, কিন্তু বিশ্বকে করতে পারবে না।

গত ৭৯ দিনে সরকার বিএনপির ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেন মঈন খান। তিনি বলেন, আমাদের যে আন্দোলন সেটা থেকে সরাতে পারেনি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমাদের সেই আন্দোলন সফল হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যে রাস্তায় দাঁড়িয়ে লগি-বৈঠার আন্দোলন করে, মানুষ পুড়িয়ে মারে, সেটাতো বিএনপি করে না।

মানুষ কথা বলতে চায়, ভোটাধিকার প্রয়োগ করতে চায় ও তাদের অধিকার ফিরে পেতে চায়— আর এই তিনটির জন্য বিএনপি আন্দোলন করে যাচ্ছে বলেও উল্লেখ করেন মঈন খান।

তিনি আরও বলেন, আমরা অবাক বিস্ময়ে লক্ষ করলাম, গত ১০ বছরে সরকার গণতন্ত্রকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে, আজও শতশত কেন্দ্র শূন্য। এখানে কোনো ভোটার নেই। বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে আজকে শীতের সকালে কুকুর রোদ পোহাচ্ছে। এটাই বাংলাদেশের আজকের দ্বাদশ সংসদ নির্বাচনের নামে যে প্রহসন, সেই প্রহসনের বাস্তবতা,’ বলেন তিনি।

‘গণতন্ত্রের নামে কোনো ভুয়া-মেকি সিস্টেমে আমরা বিশ্বাস করি না। এই সরকার আজকে যেটা করছে, সেটা হচ্ছে গণতন্ত্রের একটা ভাগ। অনেকে বলে এই সরকার স্বৈরাচারী সরকার। আরও বিভিন্ন আখ্যায় মানুষ এই সরকারকে অভিহিত করে থাকে। আমি বলছি, এই সরকার গণতন্ত্রের ভান ধরা একটি সরকার। গণতন্ত্রের ভান ধরে যে সরকার থাকে, তারা স্বৈরাচারী সরকারের চেয়ে আরও অনেক বেশি ভয়ঙ্কর,’ যোগ করেন তিনি।

বিএনপির পরবর্তী আন্দোলন কী হবে তা আগামী দুয়েকদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানান বিএনপির এই নেতা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ