ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

ইমরান খানের দলের প্রতীক বাতিল

সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইকনিক ‘ব্যাট’ প্রতীক বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বাতিল করা হয় পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রীর ক্রিকেটার জীবনের প্রতিচ্ছবিটি। শনিবার এ খবর জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে একটি পাঁচ সদস্যের ইসিপি বেঞ্চ প্রতীক বাতিল প্রসঙ্গে সংরক্ষিত রায় ঘোষণা করে। সেই সঙ্গে ইমরানের আন্তঃদলীয় নির্বাচনকে বেআইনি ঘোষণা করা হয়েছে। ১১ পৃষ্ঠার আদেশটি পিটিআইয়ের সাবেক সদস্য আকবর এস বাবরের পিটিশনের ভিত্তিতে ঘোষণা করা হয়েছিল। তিনি দাবি করেছিলেন, পিটিআই নিয়ম মেনে নির্বাচন করেনি।

আদেশে বলা হয়েছে, পিটিআই তাদের নির্দেশনা মেনে চলেনি এবং পিটিআই প্রচলিত সংবিধান, ২০১৯ ও নির্বাচনী আইন, ২০১৭ এবং নির্বাচনী বিধিমালা, ২০১৭ অনুযায়ী আন্তঃদলীয় নির্বাচন করতে ব্যর্থ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রায় পিটিআইয়ের জন্য একটি বড় ধাক্কা। কয়েক মাস ধরে দলটির প্রতিষ্ঠাতা ইমরান খান কারাবন্দী। অচিরেই তাকে মুক্তি দেয়া হবে বলেও মনে হচ্ছে না।

জিও নিউজ জানিয়েছে, নির্বাচনকে বেআইনি ঘোষণা করা হয়েছে। তাই দলটির প্রধান ব্যারিস্টার গোহর আলী খান এখন আর দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকছেন না। তিনি ইমরান খানের স্থালাভিষিক্ত হয়েছিলেন। রোববার দলের মনোনয়নপত্র জমা দেয়ার বর্ধিত সময়সীমা শেষ হবে। এখন ইসিপির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার জন্য দলটির কাছে মাত্র একদিন (শনিবার) সময় আছে।

পিটিআই বারবার অভিযোগ করেছে, তাদেরকে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড দেওয়া হচ্ছে না। কিন্তু শুক্রবার আদেশের কয়েক ঘণ্টা আগে ইসিপি দলটিকে সমান সুযোগ প্রদানের আশ্বাস দিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ