ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

গোপালগঞ্জে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

গোপালগঞ্জে আদালত চলাকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ, আদালত-২-এর বিচারক মো. সুজন মিয়ার ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথা ফেটে গেছে। আজ বুধবার ঘটে যাওয়া এ ঘটনায় তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন।

জানা গেছে, আদালত চলাকালে আদালত কক্ষে বসার বেঞ্চের পেছনের দিকে আইনজীবীদের কথা বলতে দেখে বিচারক মো. সুজন মিয়া আইনজীবীদের লক্ষ্য করে কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত লাগে এবং তাঁর মাথা ফেটে যায়। তাৎক্ষণিক তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জুলকদর রহমান বিচারকের এ ধরনের আচরণকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এম এ আলম সেলিম ক্ষোভ ও নিন্দা জানিয়ে এ ঘটনার তদন্ত ও বিচার দাবি জানান।

এ নিয়ে কথা বলতে বিচারক মো. সুজন মিয়ার সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ