ভারতরে মাঠিতে চলছে ওয়ানডে বিশ্বকাপ। যে আসরের পর্দা নামবে ১৯ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে। এরপরই বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসছে টিম নিউজিল্যান্ড। বাংলাদেশের কন্ডিশনকে মাথায় রেখেই স্পিন শক্তি বাড়িয়ে টেস্ট দল ঘোষণা করল কিউইরা।
চোটের জন্য টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি স্পিন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের। তবে বিশ্বকাপে ভারতের কন্ডিশনে ভালো করায় টেস্ট দলে সুযোগ পেয়েছেন গ্লেন ফিলিপস। বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচেই দলকে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন ফিলিপস।
স্পিন অ্যাটাকে রাচিন রবীন্দ্র, ইশ সোধি, এজাজ প্যাটেলকে রাখা হয়েছে। তবে টেস্ট স্কোয়াডে রাখা হয়নি পেসার ট্রেন্ট বোল্টকে। এই সফরে পাকিস্তানি গ্রেট সাকলায়েন মুশতাক কিউইদের স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন। স্পিনারদের নিয়ে সফরে কাজ করবেন তিনি।
বাংলাদেশে হতে যাওয়া এই টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। কোচ হিসেবে দায়িত্বে থাকবেন লুক রঞ্চি। তাকে সাহায্য করবেন ব্যাটিং কোচ ড্যানিয়েল ফ্লিন ও ফাস্ট বোলিং কোচ জ্যাকব ওরাম। ওরাম শেন জার্গেনসনের জায়গায় আসছেন। জার্গেনসেনের চুক্তি বিশ্বকাপের পরই শেষ হয়ে যাবে। হেড কোচ গ্যারি স্টিড বিশ্বকাপের পর থাকবেন ছুটিতে।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর সিলেটে। ৬ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

নিউজিল্যান্ডের টেস্ট দল-
টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়ং।


















