ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

১৪ হাজার কর্মী ছাঁটাই করবে নকিয়া

প্রতিযোগিতাপূর্ণ বাজারে ব্যয় কমাতে ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে নকিয়া। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) চাহিদা কমে যাওয়ার কারণে বিক্রি ২০ শতাংশ কমেছে প্রতিষ্ঠানটির। বিশেষ করে উত্তর আমেরিকায় নিট বিক্রি কমেছে ৪০ শতাংশ। কমে যাওয়া আয় ও বিদ্যমান প্রতিবন্ধকতার মোকাবেলা হিসেবেই নেয়া হচ্ছে ছাঁটাইয়ের সিদ্ধান্ত। খবর রয়টার্স।

নকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা পেক্কা লুন্ডমার্ক জানান, বর্তমানে বাজার পরিস্থিতি অত্যন্ত প্রতিবন্ধকতাপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। দ্রুত বাজার পুনরুদ্ধারের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাই ২০২৬ সালের মধ্যে ৮০ থেকে ১২০ কোটি ইউরোর মধ্যে খরচ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। ব্যয় কমানোর লক্ষ্যে ৮৬ হাজার কর্মচারী থেকে ৭২ হাজারে কমিয়ে আনতে পারে প্রতিষ্ঠানটি। লুন্ডমার্ক আরো জানান, তারা তাদের গবেষণা ও উন্নয়ন প্রক্রিয়া চালিয়ে যেতে চায়।

বাজারে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও নকিয়া চতুর্থ প্রান্তিকে তার নেটওয়ার্ক ব্যবসা আরো বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে। ক্রমবর্ধমান ডাটা ট্রাফিক পরিচালনার জন্য টেলিযোগাযোগ শিল্পে দ্রুত বিনিয়োগ করা দরকার, যা বর্তমানে অনেকটাই পিছিয়ে। অবশ্য আগামী দিনে এর চাহিদা বাড়ার লক্ষণ রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ