আইফোন ১২-এর রেডিয়েশন উদ্বেগ নিরসনে ফ্রান্সের ব্যবহারকারীদের জন্য একটি সফটওয়্যার আপডেট দেয়ার পরিকল্পনা করছে অ্যাপল। দেশটির এজেন্সি অব ন্যাশনাল ফ্রিকোয়েন্সিস (এএনএফআর) পুরনো আইফোন ১২ মডেল থেকে নির্গত রেডিয়েশনের মাত্রাকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করে অবিলম্বে সব মডেলের বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয়। খবর গিজমোচায়না।
ফ্রান্স সরকারের এ পদক্ষেপের পর পরই অ্যাপল প্রতিক্রিয়া জানিয়ে রেডিয়েশন সম্পর্কিত অভিযোগ অস্বীকার করেছে। কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি বলছে, এর ডিভাইসগুলো অনেক আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে ছাড়পত্র পেয়েছে, পাশাপাশি রেডিয়েশন নিয়মও অনুসরণ করা হয়েছে। অ্যাপল আরো জানায়, আইফোন ১২ থেকে নির্গত রেডিয়েশন যে বিপজ্জনক নয়, তা প্রমাণ করতে তারা এএনএফআরের কাছে রেডিয়েশন সম্পর্কিত পরীক্ষা প্রতিবেদনও দাখিল করেছে।
এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, শিগগিরই একটি নির্দিষ্ট সফটওয়্যার আপডেট নিয়ে আসবে অ্যাপল। ফ্রান্সের জন্যই বিশেষ করে আনা হচ্ছে এ আপডেট। কোম্পানির দাবি এটা কোনো নিরাপত্তাজনিত ঘটনা নয়। বরং ফ্রান্সের একটি বিশেষ নিয়মকে মান্যতা দিয়েই আনা হচ্ছে এ সফটওয়্যার আপডেট। আগামী সপ্তাহে আসতে পারে নতুন আপডেটটি।
ফরাসি নিয়ন্ত্রক সংস্থা এএনএফআর জানায়, সফটওয়্যার আপডেটটি ডিভাইস থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গে কোনো পার্থক্য তৈরি করে কিনা তা যাচাই করবে। যদি আপডেটের মাধ্যমে আইফোনের ১২ মডেলটি ইউরোপীয় মানগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে নিয়ন্ত্রক সংস্থা বিপণন প্রত্যাহারের আদেশটি তুলে নেবে।



















