কুইন্টন ডি ককের ব্যাটে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্স সহজ জয় পেয়েছে। শুক্রবার রাতে তারা কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে ৮ উইকেটে। যার সুবাদে ফের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে মুম্বাই।
টস জিতে আগে ব্যাট করে ১৪৮ রানে থেমেছিল কলকাতার ইনিংস। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ১৯ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে মুম্বাই।
কলকাতার করা ১৪৮ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই সহজ জয় নিশ্চিত করে ফেলেন অধিনায়ক রোহিত শর্মা ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। দুজনের জুটিতে আসে ৯৪, মাত্র ১০.৩ ওভারে। শেষের ৫৭ বলে বাকি থাকে আর মাত্র ৫৫ রান।
অপরপ্রান্তে ডি কক আক্রমণাত্মক খেলছিলেন বিধায় রোহিত খোলস ছেড়ে বের হননি। আউট হওয়ার আগে ৩৬ বল খেলে করেন ৩৫ রান, ততক্ষণে মাত্র ২৭ বলে ৫৪ রান করে ফেলেন ডিক কক। সুর্যকুমার যাদব বেশিক্ষণ থাকতে পারেননি, ফিরে যান ১০ বলে ১০ রান করে।
তবে চার নম্বরে নামা হার্দিক পান্ডিয়া আর উইকেট পড়তে দেননি। ডি ককের সঙ্গে অবিচ্ছিন্ন তৃতীয় জুটিতে যোগ করেন ২০ বলে ৩৮ রান। নিজে ৩ চার ও ১ ছয়ের মারে অপরাজিত থাকেন ২১ রান করে। ইনিংসের ১৭তম ওভারের পঞ্চম বলে উইনিং শটটাও আসে তার ব্যাট থাকে।



















