ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

বাংলাদেশ ও জিসিসির সমঝোতা স্বাক্ষর

বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য নিয়মিত কনসালটেশনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও উপসাগরীয় সহযোগিতা সংস্থা (জিসিসি)। গতকাল শুক্রবার বাহরাইনের রাজধানী মানামায় এই সমঝোতা হয়।

মানামা সংলাপের সাইডলাইন বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং জিসিসির মহাসচিব ড. নায়েম ফালাহ এম আল-হাজরাফ ওই স্মারকে স্বাক্ষর করেন।

স্মারকের অধীনে উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, জনগণের মধ্যে যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষায় সহযোগিতার জন্য নিয়মিত আলোচনা করবে।

এ সময় জিসিসি মহাসচিব বলেন, স্মারকটি বাংলাদেশ ও জিসিসির মধ্যে সহযোগিতার আইনি কাঠামো হিসেবে যৌথ কর্মপরিকল্পনা, যৌথ ওয়ার্কিং গ্রুপ ও টেকনিক্যাল টিম, জয়েন্ট বিজনেস কাউন্সিল এবং জিসিসি ফোরামের মাধ্যমে কাজ করবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন জোর দিয়ে বলেন, দক্ষতা উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, সংকট ব্যবস্থাপনা, শান্তি ব্যবস্থাপনা, বনায়ন ও তথ্যপ্রযুক্তি সহযোগিতা, পিটিএ/এফটিএ-এর জন্য বাংলাদেশ ও জিসিসির একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে।

জিসিসি মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ