টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। যেখানে তিনি জানিয়েছেন টিম ইন্ডিয়ার সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে।
১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব বিশ্বাস করেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সাফল্য নির্ভর করে দলে উপস্থিত অলরাউন্ডারের সংখ্যার উপর। কপিল দেব প্রকৃত পক্ষে রোহিত শর্মার দল নিয়ে বেশি ভরসাই করতে পারছেন না। তার মতে ভারত সেরা চারে উঠতে পারে কিনা সেটাতেই থাকবে অনেক প্রশ্ন।
কেন এমন বলছেন কপিল দেব? এই প্রশ্ন উঠতেই ভারতীয় দলের অলরাউন্ডার প্রসঙ্গ তুলে ধরেন, ভারতের এক সময়ের সেরা অলরাউন্ডার কপিল দেব।
সুপার টুয়েলভে দুই নম্বর গ্রুপে আছে ভারত। যেখানে তাদের সঙ্গী চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও বাছাই পেরিয়ে আসা দুটি দল। ছয় দলের গ্রুপের লড়াই পেরিয়ে শেষ চারে উঠবে দুই দল। সেখানে ভারতের সম্ভাবনা মাত্র ৩০ শতাংশ দেখছেন কপিল। -হিন্দুস্তান টাইমস
লক্ষ্ণৌতে একটি অনুষ্ঠানে ১৯৮৩ সালে ভারতকে প্রথম শিরোপা এনে দেয়া এই কিংবদন্তী বলেন, আপনি দলে এমন একজন অলরাউন্ডার চান যে শুধু বিশ্বকাপেই নয়, অন্যান্য ম্যাচ বা ইভেন্টেও ম্যাচ জিততে পারে। হার্দিক পান্ডিয়ার মতো একজন ক্রিকেটারা ভারতের জন্য খুবই উপকারী। অলরাউন্ডাররা যে কোন দলের মূল খেলোয়াড় এবং তারা দলের শক্তি হয়ে ওঠে।

কপিল আরও বলেন, হার্দিকের মতো একজন অলরাউন্ডার অধিনায়ক রোহিত শর্মাকে ম্যাচে ষষ্ঠ বোলার ব্যবহার করার স্বাধীনতা দেয়। তিনি একজন ভালো ব্যাটসম্যান, বোলার এবং ফিল্ডারও। রবীন্দ্র জাদেজাও ভারতের জন্য একজন দুর্দান্ত অলরাউন্ডার। এমনকি আমাদের সময়ে, ভারতীয় দলে আমাদের অনেক অলরাউন্ডার ছিল।
বিশ্বকাপজয়ী এ অধিনায়ক আরও বলেন, টি-টোয়েন্টিতে একদিন যে জিতে পরের দিন আবার হারে। ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা নিয়ে বলা তাই কঠিন। আলোচনা হতে পারে তারা কি সেরা চারে যেতে পারবে? তারা সেরা চারে যেতে পারবে কিনা এই নিয়ে আমি একটু উদ্বিগ্ন। ভারতের সেরা চারে যাওয়ার সুযোগ আমি মাত্র ৩০ শতাংশ দেখছি।
কেন এত কম সম্ভাবনা দেখছেন তা বিশদ ব্যাখ্যা করেননি তিনি। টি-টোয়েন্টির অনিশ্চয়তার প্রসঙ্গেই হয়ত এমন উপলব্ধি আশির দশকে দুনিয়া কাঁপানো অলরাউন্ডারের।
দলের সম্ভাবনা কম দেখলেও ভারতের ব্যাটিং লাইনআপকে আবার শক্তিশালী মানছেন কপিল, সূর্যকুমার যাদবের মতো তারকা আছে দলে। আছে বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল। এদের নিয়ে এমনিতেই তারা খুব শক্ত।
আগামী রবিবার (২৩ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামবে ভারত। চির প্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হারতে হয়েছিল রোহিতদের। এবারও তাদের বিপক্ষে হারলে সেমিতে যাওয়ার পথে বড় ধাক্কাই খাবে তারা।


















