ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

কপ৩১ খসড়ায় নেই জীবাশ্ম জ্বালানি

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর চূড়ান্ত খসড়া চুক্তিতেও জীবাশ্ম জ্বালানির নাম উল্লেখ করা হয়নি। রোববার ভোরে প্রকাশিত খসড়াটি নিয়ে প্রায় ২০০ দেশের সম্মতির জন্য আজই চূড়ান্ত অধিবেশন বসার কথা রয়েছে।

সম্মেলনটি গত শুক্রবার (২০ নভেম্বর) শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে দুই সপ্তাহের আলোচনা নির্ধারিত সময় পেরিয়ে গেছে। সপ্তাহের শুরুতে প্রকাশিত প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানি দ্রুত কমিয়ে আনার কথা বলা হয়েছিল। তবে বৃহস্পতিবার প্রকাশিত সংক্ষিপ্ত খসড়া থেকে কয়লা, তেল ও গ্যাসের সব উল্লেখ বাদ দেওয়া হয়। এতে ইউরোপীয় ইউনিয়ন ও ছোট দ্বীপ রাষ্ট্রগুলো আপত্তি জানায়; এমনকি আলোচনা থেকে সরে যাওয়ার হুমকিও আসে।

সর্বশেষ খসড়ায় ২০২৩ সালের দুবাই চুক্তির কথা পুরোপুরি স্মরণ করা হয়েছে। ওই চুক্তিতে দেশগুলো জ্বালানি খাতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে একমত হয়েছিল। তবে নতুন খসড়ায় জীবাশ্ম জ্বালানির নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

খসড়ায় মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ২০৩৫ সালের মধ্যে ৩৫ শতাংশে নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে। বর্তমানে এ অংশ প্রায় ২১ শতাংশ। গাড়ি, ট্রাক, বিমান ও গরমের ব্যবস্থায় সরাসরি জ্বালানি পোড়ানোর বদলে বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে নির্গমন কমানোর কথা বলা হয়েছে। তবে কিছু দেশ দাবি করেছে, বাড়তি বিদ্যুৎ যাতে নবায়নযোগ্য উৎস থেকে আসে, তা স্পষ্ট করা হোক। বর্তমানে বিশ্বের বিদ্যুতের প্রায় এক-তৃতীয়াংশ কয়লা থেকে এবং আরও প্রায় এক-পঞ্চমাংশ গ্যাস থেকে উৎপাদিত হয়।

খসড়ায় কার্বন ধরে রাখা ও মাটির নিচে সংরক্ষণের (কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ) লক্ষ্যও রাখা হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে ১০০ কোটি টন কার্বন সংরক্ষণের লক্ষ্য ধরা হয়েছে। তেল শিল্পের সমর্থনপুষ্ট এ প্রযুক্তিকে ব্যয়বহুল ও নির্গমন কমাতে অকার্যকর বলে সমালোচনা রয়েছে।

জলবায়ু অর্থায়ন নিয়েও মতবিরোধ কাটেনি। উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের জন্য ২০৩৫ সালের মধ্যে ১২ হাজার কোটি ডলারের লক্ষ্য খসড়া থেকে বাদ দেওয়ায় ক্ষোভ জানিয়েছে ক্ষতিগ্রস্ত দেশগুলো।

খসড়ায় আরও বলা হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যেই বৈশ্বিক উষ্ণতা শিল্প-পূর্ব যুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে গভীর উদ্বেগ রয়েছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি প্যানেলের (আইপিসিসি) পরবর্তী প্রতিবেদন পেছানোর চেষ্টা নিয়েও বিতর্ক হয়েছে। খসড়ায় ২০২৮ সালের বৈশ্বিক পর্যালোচনার জন্য এসব প্রতিবেদনের গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে।

সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম বলেছেন, সব পক্ষ মেনে নিতে পারে এমন একটি খসড়া তাঁরা উপস্থাপন করেছেন বলে তিনি মনে করেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ইরান যুদ্ধ ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনার পটভূমিতে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন