চলতি নভেম্বর মাসের প্রথম ১৭ দিনে দেশে ২০৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ হিসাবে প্রতিদিন গড়ে এসেছে ১২ কোটি ৯ লাখ ডলার। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার ২৭৭ কোটি টাকা।
বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৫০ লাখ ডলার; অর্থাৎ বছর ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।
শুধু ১৭ নভেম্বর একদিনেই দেশে এসেছে ৮ কোটি ১০ লাখ ডলার।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৫২ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার—বছর ব্যবধানে বেড়েছে ১৩ দশমিক ২০ শতাংশ।
এর আগে গত অক্টোবরে প্রবাসীরা পাঠিয়েছেন ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেপ্টেম্বরে দেশে এসেছিল ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলার; আগস্ট ও জুলাই মাসে এসেছিল যথাক্রমে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ও ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার।



















