ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১:১৮ পূর্বাহ্ন

১৬ দিনে রেমিট্যান্স ১৯৬ কোটি ডলার

চলতি নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে ১৯৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ ২৪ হাজার ১৫৭ কোটি ২০ লাখ টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৬ নভেম্বর দেশে এই পরিমাণ রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১৬৯ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে প্রবাসী আয় বেড়েছে ২৬ কোটি ৭০ লাখ ডলার বা ১৫ দশমিক ৮ শতাংশ।

এই ১৬ দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স। শুধু ১৬ নভেম্বর এক দিনেই এসেছে ১০ কোটি ১০ লাখ ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৪৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৮৪ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৪ শতাংশ।

সদ্য বিদায়ী অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। এর আগে সেপ্টেম্বরে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ডলার, আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার।

গত ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। আর ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন