ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানী ঢাকাসহ আশপাশের শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বুধবার সকালে একদিকে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা, অন্যদিকে রাজধানীর মিরপুরে শ্রমিকদের সঙ্গে স্থানীয় নেতা-কর্মীদের ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা ও হারিকেন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এর ফলে ব্যস্ততম এই মহাসড়কের উভয় দিকে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। মালেকের বাড়ি এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সরানোর চেষ্টা করছেন। শ্রমিক অসন্তোষের কারণে বুধবার মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরও ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। অন্যদিকে, বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর এলাকার ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। প্রায় পাঁচ হাজার শ্রমিকের এই অংশ পাশের জকি, ভিশন ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদেরও উৎপাদন কার্যক্রমে বাধা দিয়ে কারখানা থেকে বের করে নিয়ে আসেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অন্তত ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়। মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, সকালে কাফরুলে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকার পরিস্থিতিও সম্পূর্ণ শান্ত রয়েছে। সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলেও উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকদের কর্মবিরতির মুখে বুধবার সকাল ১০টা পর্যন্ত অন্তত ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই ও কর্মক্ষেত্রে হয়রানি বন্ধের দাবিতে বেশ কিছুদিন ধরে ঢাকা, সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। গত ১ নভেম্বর সরকার মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করলেও শ্রমিকদের এই বিক্ষোভ থামছে না।


















