বুধবার ভোরে কুয়েতে মার্কিন বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের ড্রোন কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন-ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় আঘাত হেনেছে।
কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, ভোরে শত্রু ড্রোন হামলা ঠেকাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিল; এ সময় শোনা বিস্ফোরণের শব্দ প্রতিরোধ ব্যবস্থারই। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানায়নি কুয়েত।
একই সময় বাহরাইনও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইরানের বিমান হামলা প্রতিহত করেছে। এর আগে বাহরাইন সম্ভাব্য হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে যেতে বলেছিল; পরে সতর্কতা তুলে নেওয়া হয়।
দুই মাসের বেশি সময়ের মধ্যে কুয়েতে এটাই ইরানের প্রথম হামলা। আলি আল সালেম ঘাঁটি পশ্চিম এশিয়ায় মার্কিন বাহিনীর অন্যতম প্রধান বিমান পরিবহন কেন্দ্র।
এর আগে মঙ্গলবার ইরান বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে মার্কিন রাডার স্থাপনায় ড্রোন হামলা চালায়; জবাবে যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলা করে। হরমুজ প্রণালি ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছেই।



















