ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১:১৬ পূর্বাহ্ন

এএফএর সঙ্গে সম্পর্ক ছিন্ন মেসির

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে ব্যক্তিগত ও বাণিজ্যিক সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন তারকা ফুটবলার লিওনেল মেসি। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর ওপর বিরক্তি থেকেই এই সিদ্ধান্ত বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাণিজ্যিক কাজে নিজের নাম ও ছবি ব্যবহার বন্ধ করতে আইনজীবীদের মাধ্যমে এএফএকে আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন মেসি। তার দাবি, আর্জেন্টাইন ফুটবলের কোনো উপকারে আসে না এমন ব্যবসায়িক স্বার্থে যেন তার ছবি ব্যবহার করা না হয়।

বিরোধের কেন্দ্রে রয়েছে পানীয়ের পৃষ্ঠপোষকতা নিয়ে একটি ঘটনা। যুক্তরাষ্ট্রের একটি বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে মেসির একচেটিয়া বিজ্ঞাপনী চুক্তি রয়েছে। অথচ জাতীয় দলের এক স্থানীয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নিজেদের প্রচারে মেসির ছবি ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদনের দাবি, সভাপতি তাপিয়ার অনুমতিতেই এমনটি করা হয়েছিল। বিষয়টি মেসি আগে জানতেন না বলেও দাবি করা হয়েছে।

গত অক্টোবরে বেনিনের বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচের আয়োজন নিয়েও মেসি অসন্তুষ্ট ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ম্যাচের আগের অনুষ্ঠানে শব্দ ব্যবস্থাপনায় সমস্যা ছিল; আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ড্রোন প্রদর্শনীতে মেসিকে ডান পায়ে বল মারতে দেখা যায়, যদিও তিনি বাঁ পায়ের খেলোয়াড়।

এছাড়া ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ আয়োজনের চুক্তি নিয়েও বিরোধ রয়েছে। চুক্তিতে প্রতিটি ম্যাচে মেসিকে অন্তত ৩০ মিনিট খেলানোর শর্ত ছিল বলে জানা গেছে; শর্ত ভঙ্গের অভিযোগে করা আইনি আবেদনে মেসির নামও রয়েছে।

এএফএর আন্তর্জাতিক আয় ও অর্থ ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিবেদন অনুযায়ী, বিলাসবহুল ইয়ট ভাড়া ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠানে এএফএর অন্তত ১২ লাখ ৭০ হাজার ডলার পাঠানো হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানে দুই দফায় ৩ লাখ ২১ হাজার ৬৯৩ ডলার পাঠানোর তথ্য পাওয়া গেছে।

এখন পর্যন্ত মেসি কিংবা তাপিয়া—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এখন কঠিন সংকটের মুখে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন