চলচ্চিত্রের ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বার্তায় তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান।
বার্তায় জয় জানান, আজ মঙ্গলবার বিকেল ৪টায় তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেবেন। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি ও নিজের অবস্থান নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলতে চান বলেও জানিয়েছেন তিনি।
প্ল্যাটফর্মের আহ্বায়ক হেলাল খানের নেতৃত্বে আর কাজ করতে চান না বলে জানিয়েছেন জয়। তাঁর অভিযোগ, হেলাল খান শিল্পীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। লিখিত বার্তায় জয় বলেন, ‘যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব।’
বিরোধের সূত্রপাত গত রোববার বিকেলে এফডিসিতে আয়োজিত একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে। ওই কর্মসূচিতে জয় চৌধুরী ও শিল্পী সমিতির কয়েকজন সদস্য উপস্থিত না থাকায় ক্ষুব্ধ হন হেলাল খান। পরে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
চলতি বছরের আগস্টে চলচ্চিত্রশিল্পের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে ১৯টি সংগঠন নিয়ে ‘উনিশ সংগঠন’ নামের প্ল্যাটফর্মটি গঠিত হয়। এর আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব শিল্পী সমিতির সভাপতি শিবা শানু এবং মুখপাত্রের দায়িত্বে ছিলেন জয় চৌধুরী। জয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।



















