ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

২৯৫ হাজার টন সার কিনবে সরকার

কৃষি উৎপাদন সচল রাখতে ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ টাকার বেশি।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার আটটি প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করা হয়।

মরক্কো থেকে সরকার-টু-সরকার পদ্ধতিতে ৬০ হাজার টন টিএসপি ও ৮০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপসের সঙ্গে এ চুক্তি হবে। দশম লটে ৩০ হাজার টন টিএসপি কিনতে প্রতি টন ৬৫৬ দশমিক ৬৭ ডলার দরে ব্যয় হবে ২৪৪ কোটি ১৮ লাখ টাকা।

ইউরিয়া সার কেনা হবে ১ লাখ ৫৫ হাজার টন। এর মধ্যে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে দুই দফায় ৮০ হাজার টন ইউরিয়া আমদানি করা হবে। নবম লটে ৪০ হাজার টন ইউরিয়া কিনতে প্রতি টন ৪৩২ দশমিক ৫০ ডলার দরে ব্যয় হবে ২১৪ কোটি টাকা। বাকি ইউরিয়া আসবে সংযুক্ত আরব আমিরাত ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি থেকে।

২০২৬-২৭ অর্থবছরের জন্য এসব সার কেনা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন