গাজীপুরের মৌচাকে পোশাকশ্রমিকদের অবরোধের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে ও ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। শিল্প পুলিশ জানায়, শ্রমিকরা প্রায় ৩০ থেকে ৪০ মিনিট মহাসড়কে অবস্থান করেছিলেন। সকাল ১০টার দিকে তাদের সরিয়ে দেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।
এ ছাড়া পল্লী বিদ্যুতের শ্রমিকরাও মহাসড়কে অবস্থান নিয়েছিলেন; তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৮ থেকে ৯টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে যান চলাচল শুরু হয়েছে। তবে অবরোধের কারণে তৈরি হওয়া দীর্ঘ যানজট কাটাতে সময় লাগছে, এখনো ধীরগতিতে চলছে যানবাহন।



















