ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

আইপিএল নিলামে মুস্তাফিজসহ সাত বাংলাদেশি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলামে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন মুস্তাফিজুর রহমানসহ সাত বাংলাদেশি ক্রিকেটার। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ নিলাম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিলামের আগে আগ্রহী ক্রিকেটারদের নাম নিবন্ধনের জন্য বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সে প্রক্রিয়ায় বাংলাদেশের ক্রিকেটারদের নাম পাঠানো হয়েছে।

মুস্তাফিজুর নিজে নিলামে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করার পর তাঁর নাম নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে বোর্ড। তাঁর পাশাপাশি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আইপিএল ২০২৬-এর নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে গত মৌসুমের আগে তাঁকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এরপর তাঁকে ঘিরে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে টানাপোড়েন তৈরি হয়।

তবে নিলামে নাম নিবন্ধন করলেই কোনো ক্রিকেটারের দল পাওয়া নিশ্চিত নয়। চূড়ান্ত তালিকা, ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ এবং নিলামের প্রতিযোগিতার ওপর নির্ভর করবে তাঁদের ভবিষ্যৎ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন