ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১:২৯ অপরাহ্ন

দুর্নীতিতে ধ্বংস হয়েছে সমবায় সমিতি: রাষ্ট্রপতি

দুর্নীতির কারণে দেশের অনেক সমবায় সমিতি তাদের কার্যকারিতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবায় খাতে স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’।

রাষ্ট্রপতি বলেন, সমবায় শুধু পণ্য উৎপাদন কিংবা ব্যবসায়িক কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ অর্থনীতির বিকাশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়তে সমবায়কে কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ছোটবেলায় ঠাকুরগাঁওয়ের মতো ছোট শহরেও সমবায় কার্যক্রমের প্রাণবন্ত উপস্থিতি ছিল। কিন্তু সমবায় সংগঠনগুলোর ভেতরে দুর্নীতির কারণে অধিকাংশ সমিতি নষ্ট হয়ে গেছে; হাতে গোনা কয়েকটি সমিতি এখনো সফলভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানের সাফল্যের উদাহরণ হিসেবে তিনি মিল্ক ভিটার কথা উল্লেখ করেন। সমবায় খাতকে এগিয়ে নিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করার আহ্বানও জানান রাষ্ট্রপতি।

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকটসহ অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এসব সংকট মোকাবিলা করে ভঙ্গুর অর্থনীতির চাকা সচল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ তুলে দেন রাষ্ট্রপতি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন