ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

জেল হত্যা দিবস আজ

আজ ৩ নভেম্বর, জাতির ইতিহাসে এক বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়—জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার পর তাঁর ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। এর কিছুদিন পরই কারাগারের মতো নিরাপদ আশ্রয়ে নৃশংসভাবে হত্যা করা হয় জাতীয় এই চার নেতাকে।

ঐতিহাসিক এই হত্যাকাণ্ডের পরদিন, ১৯৭৫ সালের ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে দীর্ঘ ২১ বছর এই মামলার বিচারিক প্রক্রিয়া ও তদন্ত সম্পূর্ণ বন্ধ রাখা হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে সরকার পরিবর্তনের পর মামলার কার্যক্রম পুনরায় চালু হয়। ঘটনার দীর্ঘ ২৯ বছর পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত ঐতিহাসিক জেলহত্যা মামলার রায় ঘোষণা করেন। আদালতের রায়ে ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

তবে রায়ের এতদিন পরও সাজাপ্রাপ্ত ১১ আসামির মধ্যে ১০ জনই এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে কেবল ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ দেশে ফেরার পর ২০২০ সালের এপ্রিলে গ্রেপ্তার হন এবং একই মাসে অন্য এক মামলায় তাঁর ফাঁসি কার্যকর করা হয়। বাকি খুনিরা এখনো বিভিন্ন দেশে পলাতক অবস্থায় রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ