ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবেও উপস্থিত ছিলেন আইজিপি।

আইজিপি বলেন, শান্তিতে বসবাস করতে হলে পুলিশের বিকল্প নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার অনুমোদন দিলে পুলিশ প্রস্তুত রয়েছে।

তিনি জানান, গত দুই মাসে মাদকসংশ্লিষ্টতার অভিযোগে ২৭ জন পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি।

এ সময় আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান আইজিপি। পাশাপাশি অতিরিক্ত আইজিপির বাড়িতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান নিয়ে ১০১ জন বিশিষ্ট নাগরিকের দেওয়া বিবৃতির সমালোচনা করেন তিনি।

আইজিপি আরও বলেন, পতিত আওয়ামী লীগ জাতিকে বিভ্রান্ত করতে গুজব ছড়াচ্ছে। এ ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ