দেশের বাজারে সোনার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এ নিয়ে টানা চার দফায় প্রতি ভরি সোনার দাম কমল মোট ১০ হাজার ৪৩৯ টাকা।
রোববার (২৫ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকেই এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, রোববার সকাল ৯টায় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ার বিষয়টি পর্যালোচনা করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এর আগের দিন শনিবার এ মানের সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের সোনার নতুন দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায়।

বাজুসের হিসাবে, এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি হচ্ছে


















