ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১:৪২ পূর্বাহ্ন

আরেক মার্কিন রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আরেক মার্কিন রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। এ নিয়ে মোট ৫৪টি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করল ইরান। তবে সর্বশেষ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইরানি বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে, তাদের মহাকাশ বাহিনীর অধীন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়া মার্কিন ড্রোনটি শনাক্ত করে। পরে ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেটিকে ভূপাতিত করা হয়।

তবে ড্রোনটি ঠিক কোথায় ভূপাতিত হয়েছে, কোন ধরনের প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করা হয়েছে কিংবা এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি আইআরজিসি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের তৈরি দূরনিয়ন্ত্রিত চালকবিহীন সামরিক বিমান। দীর্ঘ সময় আকাশে অবস্থান করে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্ত ও সামরিক অভিযানে ব্যবহৃত হয় এটি। প্রয়োজন অনুযায়ী ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র বহন করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতাও রয়েছে ড্রোনটির

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ