ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১:৩৫ অপরাহ্ন

গাজীপুরে বেতনের দাবিতে সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে সরল শ্রমিকরা

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ বিডি লিমিটেড’ কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিক মোজাম্মেল ও তরিকুল আলী আজম জানান, গত ১০ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল। তবে নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

তাদের দাবি, বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করে সময়ক্ষেপণ করতে থাকে। পরে বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা আবারও আন্দোলনে নামেন।

সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। একই সঙ্গে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়।

তবে শ্রমিকরা পুলিশের অনুরোধে সাড়া না দিয়ে মহাসড়কে অবস্থান অব্যাহত রাখেন। একপর্যায়ে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা অবরোধ চালিয়ে যাওয়ায় কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়।

তিনি জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার যে অভিযোগ শ্রমিকরা করেছেন, তা সঠিক নয় বলে দাবি করেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ