ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

কিশোরগঞ্জের উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিল বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংক

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এনআরবিসি ব্যাংকের আয়োজনে কিশোরগঞ্জের উদ্যোক্তারা দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা ও ব্যবসা সম্প্রসারণের বিষয়ে প্রশিক্ষণ লাভ করেছেন। বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ তারিখে কিশোরগঞ্জের একটি হোটেলে মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, বিশেষ অতিথি হিসেবে সিলেট জোনের প্রধান মো. আরিফুর রহমান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও প্রশিক্ষণ প্রকল্পের উপপরিচালক আইয়ুব আলী, এনআরবিসি ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিলেশন ডিপার্টমেন্টের প্রধান মো. হারুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের কিশোরগঞ্জের শাখার ব্যবস্থাপক এবং প্রশিক্ষণের সমন্বয়কারী এটিএম মাসুদুল হক। গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া প্রশিক্ষণে ২৬ জন স্থানীয় উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

এনআরবিসি ব্যাংকের ডিএমডি এবং সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান বলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং তাদেরকে সফলভাবে গড়ে তোলার জন্য এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে ব্যাপকহারে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সরকার ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এনআরবিসি ব্যাংক এই কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের উদ্যোগ বাস্তবায়ণে অর্থায়নসহ যেকোন সহযোগিতা করবে এনআরবিসি ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক আইয়ুব আলী বলেন, দক্ষ ও উদ্বোধনী উদ্যোক্তা গড়ে তোলার লক্ষে দেশব্যাপী কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। আমরা বিশ্বাস করি মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সফলভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। শুধু প্রশিক্ষণ নয়, উদ্যোগ বাস্তবায়নে পুনঅর্থায়ন তহবিলের মাধ্যমে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক। সরকার কর্তৃক ঘোষিত ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে নানাবিধ সহযোগিতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা বলেন, উদ্যোক্তা হয়ে গড়ে উঠার ক্ষেত্রে নানাধরনের চড়াই-উৎরাই রয়েছে। এই প্রশিক্ষণে সম্ভাব্য ঝুঁকি এবং তা মোকাবেলায় করণীয় সম্পর্কে অবহিত হয়েছি। আমরা উদ্যোক্তা হয়ে গড়ে উঠার প্রত্যয় ব্যক্ত করছি। নিজের কর্মসংস্থানের পাশাপাশি তরুনদের কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাব।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ