ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় অনলাইন প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের জন্য ১০.০০% নগদ লভ্যাংশ—অর্থাৎ ১০ টাকা মূল্যের প্রতি শেয়ারের জন্য ১ টাকা লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান ড. খন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, উদ্যোক্তাগণ, অডিট কমিটির চেয়ারম্যান, উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানি সচিব মো. সরোয়ার কামাল, এফসিএস উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির চেয়ারম্যান আগামীর দিনগুলোতে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
দেশের অন্যতম শীর্ষ স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রধানত গৃহ ঋণ (হাউজিং ফাইন্যান্স) ব্যবসার সাথে জড়িত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কোম্পানির মোট শেয়ারহোল্ডার ইকুইটি ২,১৯৬.০৮ মিলিয়ন টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৭.০৬ টাকা।



















