ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

বাজারে অস্থিরতা: শীর্ষ ৩০ ব্রোকারকে নিয়ে জরুরি বৈঠকে ডিএসই

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারের সাম্প্রতিক অস্থিরতা ও লেনদেন পরিস্থিতি নিয়ে শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউজের সঙ্গে বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিজনেস আই বাংলাদেশকে নিশ্চিত করেছেন ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান।

তিনি জানান, বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করা হবে। বিশেষ করে বাজারের অস্থিরতার কারণ, লেনদেনের গতি কমে যাওয়ার পেছনে থাকা প্রতিবন্ধকতা এবং বাজার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ব্রোকারদের মতামত নেওয়া হবে।

বৈঠকে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এবং স্বাভাবিক লেনদেন নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে ব্রোকারেজ হাউজগুলোর ভূমিকা এবং বাজারের গতি বাড়াতে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, তা নিয়েও আলোচনা হতে পারে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর পুঁজিবাজারের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক ও স্থিতিশীল লেনদেন নিশ্চিত করতে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)-এর সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক করে ডিএসই। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ওই বৈঠকে বাজারের সাম্প্রতিক পরিস্থিতি, স্থিতিশীলতা বজায় রাখা এবং স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে ডিএসই ও সদস্য প্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়ে আলোচনা হয়। তারই ধারাবাহিকতায় শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউজের সঙ্গে মঙ্গলবারের বৈঠককে বাজার পরিস্থিতি মোকাবিলায় ডিএসইর আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বাজারের বর্তমান অস্থিরতা কাটিয়ে লেনদেনের গতি বাড়ানো এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে বৈঠক থেকে কার্যকর কোনো দিকনির্দেশনা আসে কি না, সেদিকেই এখন নজর বাজারসংশ্লিষ্টদের।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ