ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক শাখা এক সতর্কবার্তায় এ নির্দেশনা দেয়। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে এবং অপ্রত্যাশিতভাবে অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

সতর্কবার্তায় সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াত ব্যবস্থায় বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর ও সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর সর্বশেষ তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা এবং মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে হামলার চেষ্টা করতে পারে। এসব সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজ নিজ দেশের সর্বশেষ নিরাপত্তা সতর্কতা ও নির্দেশনা অনুসরণ করতে এবং প্রয়োজনে স্থানীয় মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ