ঢাকা, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা দায়ের

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পুনর্গঠন কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ব্যাংকটির খেলাপি ঋণ আদায়ে ইতোমধ্যে প্রায় ১০ হাজার মামলা দায়ের করা হয়েছে। আরও কিছু মামলা দায়েরের প্রক্রিয়ায় রয়েছে। একই সঙ্গে শাখার অবস্থান, ব্যবসার সম্ভাবনা, গ্রাহকসেবা এবং পরিচালন ব্যয় বিবেচনায় ব্যাংকটির ৭৮০টি শাখা ও ১ হাজার ৫০০টি বিজনেস ইউনিট একীভূত ও যৌক্তিকীকরণের কাজ চলছে। এসব কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক রেজ্যুলেশন ডিপার্টমেন্টের (বিআরডি) অনুষ্ঠিত এক সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সভায় ব্যাংকটির ঋণ আদায়, পুনর্গঠন এবং সার্বিক কার্যক্রমের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভায় ব্যাংকটির একীভূতকরণ ও পুনর্গঠন, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তন, মানবসম্পদ সমন্বয়, শাখা একীভূতকরণ এবং তথ্যপ্রযুক্তি ও পরিচালনগত সমন্বয়ের অগ্রগতি তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ ও তত্ত্বাবধানেই এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় জানানো হয়, আমানতকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি বিবেচনায় খেলাপি ঋণ আদায়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মামলা করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে ঋণ আদায়ে কেবল প্রচলিত আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করা হচ্ছে না। দ্রুত ও কার্যকরভাবে ঋণ আদায়ের লক্ষ্যে এক্সিট পলিসি এবং অল্টারনেটিভ ডিসপিউট রেজ্যুলেশনের মতো সমঝোতাভিত্তিক বিকল্প ব্যবস্থাও কাজে লাগানো হচ্ছে।

ব্যাংকটির পূর্ববর্তী মালিকানা ও ব্যবস্থাপনার সময়ে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি এবং সম্পদের অপব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে পরিচালিত ফরেনসিক অডিটও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

গত ছয় মাসে সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠন প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। স্বতন্ত্র পরিচালকদের প্রাধান্য দিয়ে নতুন করে পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। পাশাপাশি গত ১৬ জুলাই থেকে ব্যাংকটিতে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে ব্যাংকটির প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর পদমর্যাদা, দায়িত্ব এবং সাংগঠনিক কাঠামো প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের কাজও চূড়ান্ত করা হয়েছে।

পাঁচটি ব্যাংকের কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে নিয়ে আসার লক্ষ্যে কোর ব্যাংকিং সিস্টেম, সুইফট ও আরএমএসহ তথ্যপ্রযুক্তি অবকাঠামো একীভূত করার কাজও এগিয়ে চলছে।

এ ছাড়া আমানতকারীরা যাতে পাঁচটি ব্যাংকের যেকোনো শাখা থেকে নিজেদের আমানতের অর্থ উত্তোলন করতে পারেন, সে জন্য একটি অভিন্ন ইন্টারফেস চালুর কাজ সম্পন্ন হয়েছে।

শাখা ও বিজনেস ইউনিট একীভূতকরণ প্রসঙ্গে সভায় জানানো হয়, সম্মিলিত ইসলামী ব্যাংকের ৭৮০টি শাখা এবং ১ হাজার ৫০০টি বিজনেস ইউনিট একীভূত ও যৌক্তিকীকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। শাখার অবস্থান, ব্যবসায়িক সম্ভাবনা, গ্রাহকসেবা এবং পরিচালন ব্যয়ের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠন, ঋণ আদায়, মামলা নিষ্পত্তি, মানবসম্পদ ব্যবস্থাপনা, শাখা ও বিজনেস ইউনিট একীভূতকরণ এবং প্রযুক্তিগত সমন্বয়ের অগ্রগতি ব্যাংক রেজ্যুলেশন ডিপার্টমেন্ট নিয়মিত পর্যালোচনা ও ফলোআপ করছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এসব সমন্বিত পদক্ষেপের ফলে সম্মিলিত ইসলামী ব্যাংকের সুশাসন, পরিচালন দক্ষতা এবং আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে খেলাপি ঋণ আদায়ের গতি বাড়ানো, পরিচালন ব্যয় কমানো এবং ব্যাংকের আটকে থাকা অর্থ উৎপাদনশীল খাতে পুনঃপ্রবাহিত করা সম্ভব হবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ