মিশরের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার ভোরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর ইসরাইলের দক্ষিণাঞ্চল ও ডেড সি (মৃত সাগর) এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স (এনআরআইএজি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল সুয়েজ শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে। অন্যদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এর মাত্রা ৫ দশমিক ৪ এবং উৎপত্তিস্থলের গভীরতা প্রায় ১০ কিলোমিটার বলে উল্লেখ করেছে।
.
ভূমিকম্পের কম্পন মিশরের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ইসরাইলের দক্ষিণাঞ্চল এবং ডেড সি এলাকায়ও অনুভূত হয়। ইসরাইলের কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে স্বয়ংক্রিয় ভূমিকম্প সতর্কবার্তাও পৌঁছায়, যেখানে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ উল্লেখ করা হয়েছিল।
মিশরের রেড ক্রিসেন্ট জানিয়েছে, যেসব এলাকায় কম্পন অনুভূত হয়েছে সেখানে জরুরি সাড়া দেওয়ার পরিকল্পনা সক্রিয় করা হয়েছে। সম্ভাব্য কাঠামোগত ক্ষতি রয়েছে—এমন ভবন থেকে দূরে থাকতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।
ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, দেশটিতে নতুন কোনো ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় আলাদা সতর্কতা জারি করা হয়নি। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি সিনাই উপদ্বীপ সংলগ্ন এলাকায়।
বিশেষজ্ঞদের মতে, পূর্ব ভূমধ্যসাগর ও লোহিত সাগরসংলগ্ন অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় মাঝেমধ্যে এ ধরনের কম্পন অনুভূত হয়। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এসব ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় না, তবুও সংশ্লিষ্ট দেশগুলো সতর্কতামূলক ব্যবস্থা জোরদার রাখে। তথ্যসূত্র: জেরুজালেম পোস্ট



















