রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী ‘সুন্দরবন-১২’ লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা দুই যাত্রী নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজন সাঁতরে বা অন্যভাবে তীরে উঠতে সক্ষম হলেও দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরে নেওয়া হচ্ছিল। শ্যামবাজার ঘাট এলাকায় পৌঁছানোর পর ট্রলারটির পাখা (প্রপেলার) কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে ইঞ্জিন বন্ধ হয়ে ট্রলারটি নদীর মাঝেই স্থির হয়ে পড়ে। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ট্রলারে থাকা আটজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ দুজনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। এরপর সকাল ৯টা ৫০ মিনিটে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

তিনি আরও জানান, ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারের পাশাপাশি ট্রলারটি উদ্ধারের কাজও চলছে।


















