ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

এভাবে চললে যুক্তরাষ্ট্র জলদস্যুতে পরিণত হবে: ব্রাজিলের প্রেসিডেন্ট

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এমন পদক্ষেপ নেয়, তাহলে সেটি জলদস্যুতার শামিল হবে।

সোমবার (১৩ জুলাই) সাও পাওলো অঙ্গরাজ্যের সাও কায়েতানো দো সুলে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে লুলা বলেন, অতীতে এ ধরনের কর্মকাণ্ডকে জলদস্যুতা হিসেবে বিবেচনা করা হতো। তাই যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের এমন আচরণ করা উচিত নয়।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের বহন করা পণ্যের মূল্যের ২০ শতাংশ সমপরিমাণ ফি যুক্তরাষ্ট্র আদায় করবে।

এর জবাবে লুলা বলেন, ‘অতীতে এটাকেই জলদস্যুতা বলা হতো। যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ দেশ। আমার বিশ্বাস, দেশটি দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করেছে। তাই আজ তাদের জলদস্যুর মতো আচরণ করা উচিত নয়।’

ট্রাম্পের এই প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এ ধরনের সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ