পূর্ব বিরোধের জেরে টাঙ্গাইলে ভূঞাপুরের জগৎপুরা ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১৪৪ ধারা জারির দ্বিতীয় দিন চলছে আজ।
শনিবার (৬ জুন) সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে সকাল থেকেই নলিন বাজার, গোলপেঁচা, জগৎপুরা এলাকায় হ্যান্ড মাইকে প্রচার করা হচ্ছে মন্ত্রী ও সংসদ সদস্যের হস্তক্ষেপ বিরোধ মিমাংসা হয়েছে। শান্তি বজায় রাখতে সবাইকে আগের মতোই সৌহার্দপূর্ণ আচরণের মাধ্যমে এক সঙ্গে চলার জন্য ঘোষণায় বলা হচ্ছে।
এ বিষয়ে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু বলেন, উভয়পক্ষকে ডেকে এনে মিমাংসা করা হয়েছে। সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলা হয়েছে।
১৪৪ ধারা জারির বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শুক্রবার সকাল ৬ টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখনও তা বলবৎ রয়েছে। পরিবেশও শান্ত রয়েছে। পুলিশি প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, নিহত কালাম তালুকদারের মরদেহ ময়নাতদন্ত শেষে শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬টায় পুলিশি পাহাড়ায় তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। পরে বাদ মাগরিব কালাম তালুকদারের দাফন সম্পন্ন হয়।


















