ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২:৪৪ অপরাহ্ন

ডিএসইতে বাজার মূলধন কমেছে ২ হাজার ৪৩১ কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে ২ হাজার ৪৩১ কোটি টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ১১৮ কোটি ৭৩ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি ১৮ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে দশমিক ৩৫ শতাংশ বা ২ হাজার ৪৩১ কোটি ৪৮  লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৭১৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫১৪ কোটি ২৩ লাখ টাকার।

এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে  ১১.৭২ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ কমে ৫ হাজার ২৮৬ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২.০৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ১৩ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১ হাজার ৫২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ২৪৬টির এবং অপরবর্তিত রয়েছে ২৫টির।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ